‘সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নয়, আ. লীগই তা বয়কট করবে’

বিএনপির সমাবেশে মজিবর রহমান সরোয়ার (ছবি: প্রতিনিধি)বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নয়, আওয়ামী লীগই তা বয়কট করবে। আওয়ামী লীগ আবারও জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে দেশে যে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হবে, আওয়ামী লীগ ও তার পুলিশ বাহিনী তা প্রতিরোধ করতে পারবে না।’

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশালে বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। কার্যালয়ের সামনে পৃথক পৃথকভাবে জেলা বিএনপি ও মহানগর শ্রমিক দল কর্মসূচি পালন করেছে।

সরোয়ার আরও বলেন, ‘আমাদের মামলা আর গ্রেফতারের ভয় আর দেখাবেন না। প্রয়োজনে আমরা গণ-কারাবন্দি হব। গ্রেফতারের ভয় দেখিয়ে বিএনপিকে আর দমানো যাবে না। আজকের এই আন্দোলন শুধু বিএনপির নয়, সারা দেশের মানুষের। এ আন্দোলন অবৈধ সরকারকে হটিয়ে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন।’

তিনি বলেন, ‘দেশে আজ বাকস্বাধীনতা নেই, নেই কোনও গণতন্ত্র। দেশে গুম, খুন ও হত্যার পাশাপাশি সাংবাদিকরাও নিখোঁজ হয়ে যাচ্ছে। অবৈধ সরকার নিখোঁজদের কোনও সন্ধান দিতে পারছে না। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য ডাকা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে।’

জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহমেদের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদল সভাপতি এমজি ফারুক, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার।