‘মোর পুতেরে বিচরাইয়া আইন্যা দ্যাও’

নিখোঁজ নবম শ্রেণির ছাত্র আসাদুর রহমান সৈকতগত একমাস ধরে নিখোঁজ গৌরনদীর শাহজিরা গ্রামের নবম শ্রেণির ছাত্র আসাদুর রহমান সৈকত (১৪)। মা রুমা বেগম ছেলের সন্ধানে  পথে পথে ঘুরছেন। যাকেই পাচ্ছেন তার পথরোধ করে বলছেন, ‘মোর পোলাডা আইজ এক মাস হইছে মোর হাতের ভাত খায় না। তোমাগো হাতে ধরি, পায়ে পড়ি মোর বুহের (বুকের)  মানিকরে বিচরাইয়া (খুঁজে) আইনা দ্যাও। ও আল্লাহ মোর পুতেরে ফেরত দ্যাও।‘

গত ১১ অক্টোবর স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের  হয়ে নিখোঁজ হয় সৈকত। এ ঘটনায় গত ১৫ অক্টোবর গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সৈকতের বাবা আজিজুর রহমান চুন্নু জানান, তার ছোট ছেলে সৈকত বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এক মাস ধরে নিখোঁজ থাকলেও পুলিশ কোনও তথ্য দিতে পারেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা পাচারকারীরা সৈকতকে অপহরণ করেছে। তাই তাকে খুঁজে বের করতে আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।’

গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম জানান, জিডি’র সূত্র ধরে বিভিন্ন থানায় মেসেজ পাঠানো হয়েছে। পুলিশি তদন্তও চলছে।