মনপুরায় দু’দফা আগুনে ৯টি দোকান পুড়ে ছাই

আগুনে ৯টি দোকান পুড়ে গেছেভোলার মনপুরা উপজেলা সদরে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ও সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ৯টি দোকান পুড়ে গেছেপ্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সেলিনা আকতার চৌধুরী জানান, হাজিরহাট বাজারে মো. আব্বাসের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘরটি পুড়ে যায় এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ঘরগুলো হলো আব্বাসের মোবাইল সার্ভিসিং দোকান, জাফরের ফুলকলি চায়ের দোকান,ফারুক গার্মেন্টস,তারেক স্টোর,চানমিয়া গার্মেন্টস,আ. রহমানের ফলের দোকান, হাসানের ফলের দোকান, হোসেন গার্মেন্টস। এছাড়াও রাত ৩টার দিকে মুকুল বেকারিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ইনচার্জ মো. জসিমউদ্দিন বলেন, রাত ৩টার দিকে প্রথমে মুকুল বেকারিতে আগুন লাগে। খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনি। সকাল সাড়ে ৭টায় আবারও আগুন লাগার কথা শুনে দ্রুত বাজারে এসে এক ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, বাজার ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় জনতা বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।