বরিশালে ১৫ মণ জাটকা জব্দ, ২ জনের কারাদণ্ড

বরিশালবরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা এবং হিজলা থেকে পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে মোট ১৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রবিবার (১২ নভেম্বর) দিবাগত  রাত সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশের এক অভিযানে একটি  পিকআপ ভ্যান থেকে  ১০ মণ জাটকা জব্দ করা হয়। পিকআপটি পটুয়াখালী থেকে জাটকা নিয়ে খুলনা  যাচ্ছিলো। এসময়  ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।

এদিকে বরিশাল জেলা মৎস  কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,  সোমবার (১৩ নভেম্বর)  দুপুরে বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা লঞ্চ ঘাটে কোস্টগার্ডের  এক অভিযানে  ৫ মণ  জাটকা জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।