ঢাকায় পাচারের সময় ১২০ মণ জাটকা জব্দ

বরিশালবরিশালে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব। পটুয়াখালীর গলাচিপা থেকে এগুলো ঢাকায় পাচার করা হচ্ছিলো। বেপারী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের ছাদে ও লকারে জাটকাগুলো লুকানো ছিল।

র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন খান জানান, অবৈধভাবে জাটকা পাচারের খবর আগেই তারা জানতে পারেন। এরপর সোমবার রাত ২টায় বরিশাল নগরের দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্টে বাসটিকে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু বাসের চালক সিগন্যাল অমান্য করে সেটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যাত্রী ও জাটকাবোঝাই বাসটি রূপাতলী হাউজিং এলাকায় ফেলে চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। তাদের কাউকেই আটক করতে পারেনি র‌্যাব।

রাতেই বাসের যাত্রীদের অন্যান্য বাসে তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।