বরগুনার ঢলুয়া ইউয়িনের ডালভাঙ্গা ও মোল্লারহোড়া গ্রামকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১১টায় ডালভাঙ্গা এলাকার বিষখালী নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এক হাজারের বেশি নারী-পুরুষ নিয়েছে।
এ সময় বক্তারা বলেন,‘এরইমধ্যে বিষখালী নদী ভাঙনে সদর উপজেলার ডালভাঙ্গা, মোল্লারহোড়া, মাঝখালী ও লতাবাড়িয়ার শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে রাস্তাঘাটও। হুমকির মুখে পরেছে সাইক্লোন শেল্টার, দুইটি বিদ্যালয় ও তিনটি মসজিদসহ হাজারো মানুষ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একাধিকবার আবেদন করা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। তাই প্রধানমন্ত্রী ও পানি সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্লকস্থাপনের মাধ্যমে এসব এলাকা রক্ষার দাবি জানাচ্ছি।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আহসান লাবলু মোল্লা, ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন প্রমুখ।
আরও পড়ুন: নড়াইলে শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ