বরিশালে রডবোঝাই ট্রাক উল্টে শ্রমিক নিহত

বরিশাল সদর উপজেলার শেকেরহাট এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে মো. সজীব (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দর থানার বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৬ শ্রমিক আহত হন।

উল্টে যাওয়া ট্রাকনিহত সজীব নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার সোহরাব হোসেনের ছেলে। আহতদের মধ্যে সোহেল (৩৮), কামরুল ইসলাম (২০) ও নান্নুর (৩৫) পরিচয় জানা গেছে।

বিমানবন্দর থানার সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান, ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি স্বরূপকাঠির উদ্দেশে যাচ্ছিল। ট্রাক থেকে রড নামানোর জন্য বরিশালের গড়িয়ারপার এলাকা থেকে সজীবসহ ৭ জন শ্রমিককে ট্রাকে তোলা হয়। সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এ আর মুকুল জানান, দুর্ঘটনার পর বরিশাল-বানারীপাড়া সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।