মেঘনা নদী থেকে ৮ জেলেকে অপহরণ

অপহরণ

ভোলার মেঘনা নদী থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদরের মাঝের চর সীমানার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে প্রাথমিকভাবে ইউসুফ, স্বপন ও রহিমের নাম জানা গেছে। এছাড়া জলদস্যুরা বিল্লাল ও আব্বাসের ট্রলারের মাছসহ অন্যান্য সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।

ইলিশা মাছ ব্যাবসায়ী মো. মিলনসহ অন্যরা জানান, জেলেরা সোমবার রাতে মেঘনা নদীতে ইলিশ শিকার করছিল। ভোরের দিকে জলদস্যুরা জেলেদের ৮টি ট্রলারে হামলা চালায় ও ৮ জনকে অপহরণ করে নিয়ে যায়। এসময় দস্যুদের প্রতিহত করতে চাইলে তারা জেলেদের বেধরক মারধোর করে।

ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. বশির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম অপহৃত জেলেদের উদ্ধারে মেঘনায় অভিযান চালাচ্ছে।