বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রাআনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা ও নগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রাটি শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. কুতুবুদ্দিন, মাহাবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, নগর কমান্ডার মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা এমজি কবির বুলু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরসহ অনান্য মুক্তিযোদ্ধারা অংশ নেন।

এখানে স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, ২৫ এপ্রিল জল ও স্থল পথে হামলা চালিয়ে পাকিস্তানি সেনারা বরিশাল দখল করে নেয়। তারা পানি উন্নয়ন বোর্ডের দফতরে (তৎকালীন ওয়াপদায়) মিনি ক্যান্টনমেন্ট তৈরি করে বৃহত্তর বরিশাল অঞ্চল জুড়ে গণহত্যা, লুটপাট, নির্যাতন চালায়। দখল দারিত্বের আট মাসে হানাদাররা মুক্তিযোদ্ধাসহ শত শত নিরীহ মানুষকে হত্যা করে লাশ মাটি চাপা বা কীর্তনখোলা নদীতে ভাসিয়ে দেয়। ৮ ডিসেম্বর পাকিস্তানি সেনারা তাদের পরাজয় নিশ্চিত জেনে কারফিউ জারি করে বরিশাল শহর ছেড়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাস করে শহরে প্রবেশ করে। তাদের সঙ্গে মুক্তিকামী জনতা একাত্মতা প্রকাশ করে মুক্তির আনন্দে মেতে ওঠে।