গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি এবং অপরাধীদের ধরতে অভিযান চলছে।
পুলিশ জানায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরায়কান্দি গ্রামের তালুকদার আ. হাইয়ের ছেলে ব্যবসায়ী তালুকদার জলিল গৌরনদী উপজেলার ন্যাশনাল ব্যাংক টরকী বন্দর শাখা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাড়ে ৩ লাখ টাকা তুলে ব্যাটারিচালিত ইজিবাইকে গৌরনদী বন্দরের উদ্দেশে রওয়ানা দেন।
পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা আল্লাহর মসজিদ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ৫ থেকে ৬ জন একটি সাদা মাইক্রোবাসের ব্যারিকেড দিয়ে ইজিবাইকটি থামায়। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে মাইক্রোবাস আরোহীরা ব্যবসায়ী জলিলকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে জলিলের সঙ্গে থাকা ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে তাকে ফেলে দ্রুত মাইক্রোবাস চালিয়ে পালিয়ে যায়, বলেও জানায় পুলিশ।