গণিতে বরিশাল বোর্ডে বহিষ্কার ১২, অনুপস্থিত ৫১৩

বরিশাল শিক্ষা বোর্ডবরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গণিত বিষয়ে অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ দিন পরীক্ষায় ৫১৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, বহিষ্কৃতদের মধ্যে বরিশাল জেলায় ৪, ঝালকাঠি জেলায় ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ এবং ভোলা জেলায় ৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

অনুপস্থিতদের মধ্যে ভোলা জেলায় ৯২, বরগুনায় ৬৫, পটুয়াখালীতে ১১৮, পিরোজপুরে ৫৭, ঝালকাঠিতে ৪৩ ও বরিশালে ১৩৮ জন পরীক্ষার্থী রয়েছেন।

এর ফলে শনিবার গণিত পরীক্ষায় মোট ৯৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নেন। 

বোর্ড সূত্র জানায়, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ছয় জেলায় ১ হাজার ৪২৬টি বিদ্যালয়ে মোট ১৭২টি কেন্দ্রে ১ লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত রয়েছেন। এসব পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত, ৮৩ জন জিপিএ উন্নয়নে এবং ১৮ হাজার ৮৭২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন।