পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার সোহাগদল ইউনিয়নের দক্ষিণ সোহাগদল গ্রামে ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিলেন মেয়ে সুফিয়া। কিছুক্ষণ পর ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন ঘরের সঙ্গে সঙ্গে মা ফাতেমাও (৭৫) পুড়ে কঙ্কাল। সোমবার রাত সারে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্বরুপকাঠী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘সুফিয়ার মা ফাতেমা কানে শোনেন না। বয়সের ভারে হাঁটাচলাও করতে পারতেন না। সোমবার রাতে সুফিয়া তাকে মাকে ঘরে তালাবদ্ধ রেখে পাশের এক বাড়িতে টিভি দেখতে যান। সারে আটটার দিকে খবর পান তাদের ঘরে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রাপাত হয়।’
সোহাগদল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, ‘বৃদ্ধা ফাতেমার (৭৫) বাড়ী দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামে। থাকতেন ৭ নং ওয়ার্ডের দক্ষিণ সোহাগদল গ্রামে মেয়ে সুফিয়ার বাড়িতে। সুফিয়ার স্বামী আব্দুল সাত্তার চাকরির সুবাদে অন্য জায়গায় থাকেন।’
স্থানীয় প্রত্যক্ষদর্শী রাশেদ হাসান বলেন, ‘আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় সুফিয়াও এসে দেখেন তার মা আর নেই।’