ভোলার চরফ্যাশনে বিকাশ কর্মীর সহযোগিতায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের প্রধান আসামি মো.আলাউদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শশীভুষণ থানার উত্তর চর মঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শশীভুষন থানার ওসি হানিফ শিকদার জানান, তার বিরুদ্ধে শশীভুষণ থানায় দুইটি হত্যাসহ অপহরণ, চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, আলাউদ্দিন (৩০) চরফ্যাশনের চরকলমী ইউনিয়নের উত্তর চরমঙ্গল গ্রামের ৬ নং ওয়ার্ডের মোশারেফ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধের রাম রাজত্ব করে আসছিল। গত বছর বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই হয়। পুলিশ ওই টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশ কর্মী অপিকে সন্দেহ জনকভাবে আটক কিরে জিজ্ঞাসাবাদ করে। পরে অপি স্বীকার করে সেসহ আলাউদ্দিনের নেতৃত্বে একটি দল এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত চার জনকে আটক করলেও আলাউদ্দিন গাঁ ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
আরও পড়ুন: অপহরণের পর ধর্ষণ মামলায় দুই জনের যাবজ্জীবন