বরিশালে শান্তিপূর্ণভাবে এইচএসসি'র প্রথম দিনের পরীক্ষা সমাপ্ত

বরিশালে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা চলছেবাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের মতো বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে এইচএসসি'র প্রথম দিনের পরীক্ষা সমাপ্ত হয়েছে।  সোমবার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় পরীক্ষা শেষ হয়। 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার বোর্ডের অধীনে ৬ জেলায় ১১৬টি কেন্দ্র থেকে ৬৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৩২ হাজার ৪৯৬ ছাত্র এবং ৩০ হাজার ৮৩১ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এ বছরে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ২২৫ জন, কিন্তু গত বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৫ হাজার ৮২২জন। গত বছরের চেয়ে এবারে ১ হাজার ৭৬৫ জন নিয়মিত  পরীক্ষার্থী বেড়েছে।

বরিশাল শিক্ষা বোর্র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫১৭ জন জিপিএ উন্নয়নে, ১৭ জন প্রাইভেট ও অনিয়মিত ১৩ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী রয়েছে।

তিনি আরও জানান, ৩ ৩২টি কলেজের মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৪২ জন, মানবিক বিভাগে ৩৩ হাজার ৫৭৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৬ হাজার ১৮০ জন রয়েছে।

এবার বরিশাল জেলায় ২২ হাজার ৮৭২ জন, ঝালকাঠি জেলায় ৪ হাজার ৭৮৩ জন, পিরোজপুরে ৯ হাজার ৩৮ জন, পটুয়াখালীতে ১১ হাজার ২৩০ জন, বরগুনায় ৬ হাজার ৪৮৪ জন ও ভোলায় ৮ হাজার ৯২০ জন পরীক্ষার্থী রয়েছেন।

পরীক্ষা কেন্দ্র ঘুরে জেলা প্রশাসক মো. হাবিববুর রহমান বলেন, পরীক্ষা  বেশ ভালোভাবে শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনও গুজব বরিশালে নেই।