বাজেট না পড়েই সমালোচনা করছে বিএনপি: বাণিজ্যমন্ত্রী

ভোলায় বাণিজ্যমন্ত্রীবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে নিম্ন আয়ের লোকজন উপকৃত হবেন। এটি একটি বাস্তবসম্মত বাজেট, যা সব মহলে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে। এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য।’

শুক্রবার (৮জুন) দুপুরে ভোলা সদরের ধনিয়া, কাচিয় ও বাপ্তাসহ বিভিন্ন ইউনিয়নে জাকাতের কাপড় বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বাজেট দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকটা বাজেটই জনবান্ধব ও গণমুখী। এ বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে। এ বাজেটের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে, নদীভাঙা থেকে শুরু করে সবকিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতেই দরিদ্র বিমোচন হবে এবং ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যসীমা ৩ শতাংশের মধ্যে নেমে আসবে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। কারণ, তারা অতীতে যে ভুল করেছে তা উপলব্ধি করছে। তারা অস্তিত্ব  রক্ষা করার জন্য অবশ্যই নির্বাচনে আসবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।