বরিশালে ভিজিএফের ৭০০ কেজি চালসহ ব্যবসায়ী আটক

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজারে ভিজিএফের ৭০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী মাঞ্জারুল হক ওরফে মঞ্জি বিশ্বাসকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে পুলিশ। মাঞ্জারুল হক বাগধা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য, মাঞ্জারুল হক ছাড়াও চাল পাচারের ঘটনায় চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার, মেম্বারসহ অনেকে জড়িত।বরিশাল

 ঈদ উপলক্ষে উপজেলার ৩ নম্বর বাগধা ইউয়িনের দুস্থ ৩ হাজার ৬৪০টি পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দের সিদ্ধান্ত ছিল। বুধবার থেকে ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটকের উপস্থিতিতে চাল বিতরণ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে বাগধা বাজারের চাল ব্যবসায়ী মাঞ্জারুল হকের দোকানে খাদ্য অধিদফতর লেখা চালের ১৪টি বস্তা দেখতে পান স্থানীয়রা। এ সময় ওই চাল ভর্তি বস্তাগুলোর উৎস জানতে চাইলে সদুত্তর দিতে ব্যর্থ হন ব্যবসায়ী মাঞ্জারুল হক। তখন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা।

আটক মাঞ্জারুল হক দাবি করেছেন, ৭ নম্বর ওয়ার্ড সদস্য কালাম হাওলাদার ও শাহ আলম মেম্বরের বেয়াই ছলেমান বকতিয়ার বুধবার তার কাছে এসে ওই চালের বস্তাগুলো রেখে গেছেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ১৪টি বস্তায় ৫০ কেজি করে মোট ৭০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।