বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর দ্বিতীয় দিনে কমিউনিস্ট পার্টি ও জাতীয় পার্টির (এরশাদ) পক্ষে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া, সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত নগরীর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে প্রার্থীরা নিজেরা উপস্থিত হয়ে আবার কেউ বা প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, মেয়র পদে জাতীয় পার্টির (এরশাদ) বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস এবং কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি একে আজাদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন অফিসে মনোনয়নপত্র সংগ্রহে আসা কয়েকজন কাউন্সিলর প্রার্থী বলেছেন, ফরম পূরণে যাতে কোনও ভুলত্রুটি না হয়, সেজন্য সময় হাতে রেখেই ফরম নিয়েছেন তারা। গত ২৯ মে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ২৮ জুন।
মনোনয়নপত্র বাছাই হবে ১-২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। ১০ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৩০ জুলাই। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং মহিলা ১ ভোটার লাখ ২০ হাজার ৭৩০ জন।