বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) নুরুল আলম। বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘অনেক শহীদের রক্তের বিনিময় এদেশে সংবিধান তৈরি হয়েছে আর এ সংবিধান রক্ষা করতে হলে গণতন্ত্রের প্রয়োজন। আর দেশে যদি গণতন্ত্রই না থাকে তাহলে সংবিধানের কোনও মূল্য নেই।’
তিনি শহীদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তারা দেশ স্বাধীন করে দিয়েছেন বলেই আজ আমরা প্রশাসনের এই জায়গায় বসতে পেরেছি। গণতান্ত্রিক দেশের নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হয়। বিতর্কিত নির্বাচন করে কোনও দেশের গণতন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না। নির্বাচন অবশ্যই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হয়। সবার মধ্যে সমান সুযোগ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না।’
তিনি আরও বলেন, ‘ভোটাররা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে সে ব্যাপারে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তা অমান্য করলে আমরা ১৯৯১ সালের বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আমি নির্দেশ দিচ্ছি, নির্ভয়ে ও দৃঢ়তার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখুন। যেকোনও অরাজকতা প্রতিহত করার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি। ’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া. বরিশাল র্যাব (৮)-এর অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল বিশেষ গোয়েন্দা শাখা (ডিজিএফআই) পরিচালক কর্নেল শরিফুজ্জামান ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. মজিবুর রহমান।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিকালে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ অডিটরিয়ামে বরিশাল সিটি নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থী ও সাধারণসহ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন।