হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে পর্যাপ্ত কাঁচা মরিচের সরবরাহ ও দাম হাতের নাগালে থাকায় দীর্ঘদিন বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের চাহিদা মেটাতে চলতি মাস থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।
বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৫-৭ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে বন্দর দিয়ে ১০-১৩ ট্রাক কাঁচা মরিচ আমদানি হচ্ছে। ২১ জুলাই বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৮৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ২২ জুলাই ১৭টি ট্রাকে ১৬৮ টন কাঁচা মরিচ আমদানি হয়। এছাড়া ২৩ জুলাই বন্দর দিয়ে ১০টি ট্রাকে ৯৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এভাবে গত তিন দিনে বন্দর দিয়ে ৩৯টি ট্রাকে ৩৪৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত বন্দর দিয়ে ৮ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে।
সরেজমিন বন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচ প্রকারভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কাঁচা মরিচ এক-দুই টাকা বাড়তি দামে বিক্রি হয়েছে। তিন দিন আগেও এসব কাঁচামরিচ ৮৫ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
এদিকে আমদানিতে কাঁচামরিচের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাংলা হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশীয় জাতের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। তিন দিন আগে এসব জাতের কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে। তিন দিন আগে এসব জাতের কাঁচা মরিচ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন এবং কাঁচা মরিচ ব্যবসায়ী শামীম সরদার ও মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এমন অবস্থায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দেশের বাজারে দাম কিছুটা কমে এসেছিল। কিন্তু সম্প্রতি ভারতের বিহার, কানপুর, পাটনাসহ যেসব অঞ্চল থেকে দেশে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছিল ওইসব অঞ্চলেও বৃষ্টিপাতের কারণে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় ভারতের বাজারেই এর দাম বেড়ে গিয়েছিল। এতে করে কাঁচা মরিচ আমদানিতে বাড়তি খরচ হওয়ায় সপ্তাহের প্রথম দিকে দেশের বাজারেও কাঁচা মরিচের দাম বাড়তি হয়েছিল। এমন অবস্থায় দেশের বাজারে এর বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা।’
তারা আরও বলেন, ‘বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ৫-৭ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ১০-১৩ ট্রাক করে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। গত তিন দিনে বন্দর দিয়ে ৩৯টি ট্রাকে ৩৫০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় কাঁচা মরিচের সরবরাহ বাড়ার ফলে বাজারে দাম কমেছে।’