পোলিং এজেন্টের বিষয়ে তিনি বলেন ‘কোনও পোলিং এজেন্টকে বাধা দেওয়ার সুযোগ নেই। বিষয় হচ্ছে অনেক প্রার্থী পোলিং এজেন্টই দেন না। সে বিষয়টাও আমরা খেয়াল করছি।’
এদিকে সকাল থেকেই বরিশাল নগরের এলাকাগুলোতে টহল দিচ্ছে র্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া নগরের বিভিন্ন পয়েন্ট থেকে বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার পর্যন্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেসবের কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু পাওয়া যায়নি। যেগুলোর সত্যতা পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌকা মার্কার মেয়র প্রার্থীর বিরূদ্ধে শনিবার বিকালে করা শো-ডাউনের অভিযোগের পর তাকে শোকজ করা হয়েছে।
বরিশাল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান জানান, শনিবার বিকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগর ভবনের সামনে বিপুল মানুষ নিয়ে পথসভা ও শোডাউন করে। তাই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে রবিবার শোকজ করা হয়েছে।