রবিবার (২৯ জুলাই) নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এই সময় তিনি মন্তব্য করেন বরিশালে নির্বাচন কমিশন নির্বাচনি পরিবেশ তৈরিতে চরমভাবে ব্যর্থ হয়েছে।
ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে মহড়া দিয়ে বেড়াচ্ছে। ভোটকেন্দ্রে অন্য কোনও দলের এজেন্টদের ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিচ্ছে। নির্বাচন কমিশনে দুই বার অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি।’
মনীষা চক্রবর্তী বলেন, ‘খুলনা ও গাজীপুরে যেভাবে ভোট ছিনতাই করা হয়েছে, বরিশালেও সেইভাবে ভোট ছিনতাইয়ের নকশা তৈরি করা হচ্ছে। বহিরাগতদের যেখানে বের হয়ে যাওয়ার কথা, সেখানে হাজার-হাজার নেতাকর্মী এখানে জমায়েত করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার মানুষ এসে বরিশালে অবস্থান করছে। যাদের বিষয়ে প্রশাসন একেবারে অন্ধ ভূমিকা পালন করছে।’
তিনি জনগণকে সঙ্গে নিয়ে ভোট ছিনতাই প্রতিহত ও সব প্রতিকূল পরিবেশেও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা বাসদের সভাপতি ইমরান হাবিব রুম্মন, সদস্য বদরুদ্দোজা সৈকত, মিথুন চক্রবর্তী, সাফিয়া বেগম, শ্রমিক ফন্টের শহীদুল ইসলাম, বাবুল তালুকদার, আরব আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।