মাওলানা ওবায়দুর রহমান মাহবুব জানান, নগরীর অশ্বীনী কুমার হল এলাকা অতিক্রমকালে মিছিলের ওপর হামলা করে ছাত্র ও যুবলীগের কর্মীরা।
এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে তাদের হামলায় আহত হয়েছেন এনটিভির বরিশালের ক্যামেরাপার্সন গোবিন্দ হালদার। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলন করেন মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। এর পর শুরু হয় গণ্ডগোল, কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। এমনকি ইভিএমেও আমাদের প্রতীক হাতপাখা দেখা যাচ্ছিল না। এটা ডিজিটাল কারচুপি।’
হাতপাখার প্রার্থী বলেন, ‘ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে, অনেক জায়গায় ভোটারদেরকে মেয়রের ব্যালটও দেওয়া হয়নি।’
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান আরও বলেন, ‘অসংখ্য ভোটার ভোট দিতে পারেননি। নির্বাচন কমিশন দেশবাসীকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হয়েছে। তামাশার নির্বাচন করে কোটি কোটি টাকা অপব্যয় জনগণ সহ্য করবে না। এর জবাব সরকার ও নির্বাচন কমিশনকে দিতে হবে।’