বরিশালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বরিশালবরিশালের উজিরপুরে রোজি বেগম (২৫) নামে এক  গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার (১ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রোজি বেগম উজিরপুরে ওটরা ইউনিয়রের ভবানীপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার মেয়ে ।

নিহতের ভাই রাজু আহম্মেদ জানান, 'জল্লা ইউনিয়নের আব্দুল হকের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় রোজি বেগমের। তাদের আয়শা সিদ্দিক নামে ৩ বছরের এক  সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর রফিকুল সৌদি আরবে চলে যায়। চার মাস আগে রফিকুল ইসলাম সৌদি থেকে দেশে ফিরে ৭ বছর আগে বিচ্ছেদ হওয়া আগের স্ত্রী দোলনা বেগমকে আবার বিয়ে করেন। দুই স্ত্রী একই বাড়িতে থাকার পর থেকে পারিবারিক কলহ দেখা দেয়। পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে রোজিকে হত্যা করা হয়েছে।'

নিহতের বাবা আব্দুর রশিদ বলেন, 'মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রোজির শ্বশুরবাড়ির লোকজন আমাকে ফোন করে রোজির অসুস্থতার কথা জানায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই।'

ওসি শিশির কুমার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।