কাউখালীতে জমি নিয়ে বিরোধে নিহত ১





পিরোজপুরপিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মফিজ উল্লাহ মাহাফুজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। রবিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



নিহত মফিজ উল্লাহ মাহাফুজ আল আরাফা ইসলামী ব্যাংকের বরিশাল শাখায় চাকরি করতেন।
কাউখালী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম হাওলাদার জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মাওলানা নজরুল ইসলাম তার বাড়ির কাছে তার স্বজনদের নিয়ে বাঁধ দিতে যায়। এ সময় প্রতিবেশী ইউনুস খান দলবল নিয়ে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীদের অস্ত্রের আঘাতে মাওলানা নজরুল ইসলাম (৫৮) তার বোন রাহেলা বেগম(৩০) ভাগ্নে মফিজ উল্লাহ মাহাফুজ(২৮) আরেক ভাগ্নে আব্দুর রহমান মামুন(৩৮) আরেক বোন তাসলিমা(৩৮) ভাগ্নে সাইফুল্লাহ(১৪) ভাগ্নে শহিদুল্লাহ(২০) ভাগ্নে জাহিদ(২২) আহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অন্যদের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা মাওলানা নজরুল ইসলাম, তার বোন রাহেলা বেগম, ভাগ্নে মফিজ উল্লাহ মাহাফুজ, আব্দুর রহমান মামুন ও জাহিদকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বরিশালে নেওয়ার পথে মফিজউল্লাহ মাহাফুজ মারা যান।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।