‘খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন নয়’

 

বক্তব্য রাখছেন মজিবর রহমান সরওয়ারখালেদা জিয়াকে জেলে আর তারেক রহমানকে লন্ডনে রেখে এদেশে কোনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরওয়ার। তিনি বলেন, ‘জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করার ক্ষমতা এদেশে কাউকে দেওয়া হবে না। দেশে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা ও  গ্রহণযোগ্যতা হারিয়েছেন।’

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অশ্বিনী কুমার হলে বরিশাল মহানগর বিএনপি এই আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করে।

মজিবর রহমান সরওয়ার আরও বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় পাকিস্তানীদের বিরুদ্ধে কথা বলে, অথচ বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার সেই পাকিস্তানীদের ফর্মুলাতেই দেশ পরিচালনা করছে। তাই আজ  জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন দল সরকারের জুলুম অত্যাচার-নির্যাতন আর দেশের গণতন্ত্র হরণ করার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা  উন্নয়নের কথা বলে আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনাভোটে ক্ষমতা দখল করে নেয় আওয়ামী লীগ। তাদের ১৫৪ জন সংসদ সদস্যও বিনাভোটে নির্বাচিত হয়েছেন।’

সরওয়ার বলেন, ‘১৫ ও ২১ আগস্টের ঘটনায় আমরাও নিন্দা জানাই। কিন্তু এখানেও বিএনপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। অথচ যারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের ক্ষমতার মসনদে বসানো হয়েছে।’

এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ, বিএনপি বরিশাল মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন,মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,মহসিন মন্টু,মনিরুল আহসান মনির,মহানগর উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলাদল নেত্রী তাছলিমা কালাম পলি, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন,মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীম, মহানগর ছাত্রদল নব কমিটির সভাপতি রেজাউল করীম রনি,জেলা ছাত্রদল নব কমিটির সভাপতি মাহফুজুল হক মিঠু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে রক্ত পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়।