ভারতের স্বাধীনতা অর্জনে শেরেবাংলার ভূমিকা ছিল: শ্রিংলা

চাখারে বক্তব্য রাখেন হর্ষবর্ধন শ্রিংলা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে ভারতের মহান স্বাধীনতা অর্জনে শেরেবাংলা আবুল কাসেম (এ কে) ফজলুল হকের গৌরবোজ্জল ভূমিকা ও অবদান ছিল। তিনি ব্রিটিশদের দেওয়া সব খেতাব বর্জন করেছিলেন। তবে বাংলার বাঘ হিসেবে তিনি মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। রবিবার (৭ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়ার চাখারে শের-ই-বাংলা স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে চাখার সরকারি ফজলুল হক কলেজ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, ‘মহান নেতা শেরেবাংলার স্মৃতিধন্য পুণ্যভূমি চাখারে আসতে পেরে আমি ধন্য ও গর্বিত।’

চাখার সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গৌকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও শেরেবাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, ওসি মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুখেন্দু শেখর বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি সুজন মোল্লা প্রমুখ।

এ সময় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে আওয়ামী লীগ ও চাখার সরকারি ফজলুল হক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।