ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আটকের পর স্বামীর হাতে হাতকড়া পরায় পুলিশঝালকাঠি সদর উপজেলার চাচৈর গ্রামে রোজিনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রোজিনার স্বামী আবুল বাশার ফরাজীকে পুলিশ আটক করেছে। শনিবার (১৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচাতো ভাই আবু হানিফ জানান, যৌতুকের জন্য দুই সন্তানের মা রোজিনাকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘ দিন ধরে নির্যাতন করে আসছিলো। এরই ধারাবাহিকতায় রোজিনাকে খুন করা হয়েছে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বরিশালের দিকে পালিয়ে যাওয়ার সময় শনিবার রাত ১২টার দিকে নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকা থেকে স্বামী আবুল বাশার ফরাজীকে আটক করা হয়। এরপর টহল পুলিশের সহয়তায় মরদেহ ঝালকাঠি সদর হাসাতালে নেওয়া হয়।

নিহত রোজিনার মামা আনোয়ার জাহিদ বলেন, ‘বিয়ের পর থেকেই যৌতুকের দারিতে রোজিনার ওপর অত্যাচার চালাত তার স্বামী। ২০১৩ সালে তার ভাগ্নিকে মেরে ফেলার জন্য শরীরে আগুনও দেওয়া হয়েছিল। কাল রাতে রোজিনাকে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনকে বিষয়টি জানানো হয়। তিনি পুলিশেকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে স্বামী আবুল বাশারকে আটক করেছে।’ এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক সরোয়ার হোসেন জানান, খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। গৃহবধূর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।