৪১ বছর বয়সী হরষিত জেএসসি পরীক্ষার্থী!

পরীক্ষাকেন্দ্রে হরষিত বাড়ৈর সঙ্গে কথা বলছেন ইউএনওজেএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বরিশালের আগৈলঝাড়ায় হরষিত বাড়ৈ (৪১)। তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ছাত্র। বৃহস্পতিবার (১ নভেম্বর) শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে  তিনি পরীক্ষায় অংশ নেন।

হরষিত বাড়ৈ আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নের পাশের উপজেলা কোটালীপাড়া রামশীল গ্রামের মৃত হরে কৃষ্ণ বাড়ৈর ছেলে। প্রবেশপত্র অনুযায়ী হরষিতের জন্ম ১৯৭৭ সালের ১ জানুয়ারি।

হরষিত বাড়ৈ জানান, যে বয়সে স্কুলে যাওয়ার কথা ছিল, সে বয়সে পরিবারের হাল ধরতে হয়েছে। লেখাপড়া শেখা সম্ভব হয়নি। যখন বুঝলেন কর্মচারীর চাকরি নিতেও আবেদনের জন্য অন্তত অষ্টম শ্রেণির সনদ থাকা প্রয়োজন। তখনই স্কুলে ভর্তি হলেন।

হরষিত বাড়ৈ বলেন, ‘বয়স হলেও লেখাপড়া কোনও হাস্যকর ব্যাপার নয়। এই মূলমন্ত্র ধারণ করে রাজিহার ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে নিয়মিত ছাত্র হিসেবে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে।’

হরষিতের প্রবেশপত্রআগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাস বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে গিয়ে তাকে দেখি। লেখাপড়ার যে কোনও বয়স নাই, যেকোনও বয়সে লেখাপড়া করা যায়; তার অনন্য উদাহরণ সৃষ্টি করলেন হরষিত। জ্ঞানার্জনের জন্য বয়সের চেয়ে নিজের ইচ্ছা শক্তিকে প্রাধান্য দিয়ে হরষিত লেখাপড়া করায় বর্তমান সমাজ ও দেশের জন্য একটি উদাহরণ। তার থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত।’