শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় আসন্ন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক দুদিনব্যাপী কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সেই দায় কি নির্বাচন কমিশন না সরকারের- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। নির্বাচন কমিশন সবার সহযোগিতায় সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’
নির্বাচন সুষ্ঠু হবে বা অনিয়ম হবে না, নির্বাচন কমিশন কি এমন কোনও নিশ্চয়তা দিতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক আইনানুগ নির্বাচন করার জন্য যত রকমের নির্বাচনি আইন আছে তার সর্বাধিক ব্যবহারের মাধ্যমে ভালো নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচনে কোনও অনিয়ম যাতে না হয় তার সর্বোচ্চ চেষ্টা নির্বাচন কমিশন করবে।’
বিরোধী জোটের ইতিবাচক সমালোচনা নির্বাচন কমিশন সাদরে গ্রহণ করবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘কমিশনের যদি কোনও ভুলত্রুটি থেকে থাকে, তাহলে তাদের আলোচনা-সমালোচনার মাধ্যমে কমিশন সেটা শোধরাতে চায়। তাদের সমালোচনা একটা সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালাচ্ছে। আরও কয়েক দিন গেলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে।’
বিরোধী জোটের প্রশাসনে রদবদল সংক্রান্ত দাবির বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে নির্বাচন কমিশন অবশ্যই তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।’
এর আগে বরিশাল নগরীর বিডিএস হলরুমে জেন্ডার বিষয়ক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘নারীরাও যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সব ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।’ তিনি নির্বাচনে নারী প্রার্থী এবং ভোটারদের আরও উপস্থিতি কামনা করেন। নির্বাচনে নারীদের আরও উপস্থিতির জন্য তাদের নিরাপত্তার বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান নির্বাচন কমিশনার।
ইউএনডিপি এবং ইউএন ওমেনের সহযোগিতায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীর সভাপতিত্বে দুই দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান মো. সাইফুল হক চৌধুরী, নির্বাচন কমিশনের উপ-সচিব সাহেদুন্নবী চৌধুরী এবং ইউএনডিপি ইউএন ওমেন-এর জেন্ডার এক্সপার্ট মিসেস এটসুকো হিরাকাওয়া।