ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান সাঈদীপুত্র শামীম

শামীম সাঈদীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন ছোট ভাই মাসুদ সাঈদীআসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর-নাজিরপর-স্বরূপকাঠী) প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন শামীম বিন সাঈদী। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে।

শামীম সাঈদীর পক্ষে তার ছোট ভাই ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী বুধবার পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ফাইজুল কবির তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সরোয়ার হোসেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাসুদ বিন সাঈদী বলেন, ‘আমার ভাই শামীম বিন সাঈদী ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।’

তবে ওই আসন থেকে নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন এবং জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি নেতা সরোয়ার এবং ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর)-এর মহাসচিব মোস্তফা জামাল হায়দার জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলে আশাবাদ জানিয়েছেন।

বর্তমানে শামীম সাঈদীর বাড়ি পিরোজপুর-২ (ইন্দুরকানী-ভান্ডারিয়া-কাউখালী) আসনের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালীতে। শামীম সাঈদীর বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। সাঈদী প্রথমবার নির্বাচিত হয়েছিলেন জামায়াত থেকে। দ্বিতীয়বার চারদলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হন।