‘নগরবাসীর সেবা করেই এখন থেকে বেতন নিতে হবে বিসিসির কর্মচারীদের’

মতবিনিময় সভায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ (ছবি– প্রতিনিধি)

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেছেন, ‘কোনও কাজ না করে ঘরে শুয়ে-বসে টাকা নেওয়ার দিন শেষ। নগরবাসীর সেবা করেই এখন থেকে কর্মচারীদের বেতন নিতে হবে। মিথ্যা আশ্রয়-প্রশ্রয়ে টাকা খাওয়া যাবে না। নগরবাসীর টাকা খেতে হলে সেবা দিয়েই নিতে হবে।’

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে নগরীর কালিবাড়ি রোডের জগদিশ স্বারসত বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেন, ‘আগামীতে কোনও অস্থায়ী কর্মচারীদের বেতনের জন্য বিসিসি কার্যালয়ে ধরনা দিতে হবে না। এখন থেকে তাদের বেতন তাদের নিজস্ব ব্যাংক হিসাবে দেওয়া হবে। যেসব কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের বলছি, আপনারা দ্রুত ব্যাংকে হিসাব খুলুন।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনে প্রয়োজনের বেশি দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছেন। বিগত মেয়ররা তাদের নিয়োগ দিয়েছেন। এদের অনেকেই কোনও কাজ করেন না, ঘরে শুয়ে-বসে অথবা অন্য কাজ করে সিটি করপোরেশনের মাস্টারোল কর্মচারীদের বেতন ভোগ করেন। ইতোমধ্যে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের হিসেবে (প্রকৃত ও ভুয়া) গরমিলও পাওয়া গেছে।’

বিসিসি সচিব মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন– সচিব ইসরাইল হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিচুজ্জামান প্রমুখ।