বরিশালের ৬টি আসনে পাঁচ প্রার্থী বৈধ

বরিশাল

বরিশাল জেলার ৬টি আসনে যাচাই বাছাইতে চারটি আসন থেকে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলেও শুনানি শেষে পাঁচ প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। বর্তমানে ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ওয়াকার্স পার্টিসহ ১৩টি রাজনৈতিক দলের ৪৮ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। তাদের মধ্যে বিএনপি’র দু’জন করে থাকলেও ৫টি আসনে একজন করে প্রার্থী নিশ্চিত করা হয়। আর আওয়ামী লীগ চারটি আসনে তাদের মনোনয়ন নিশ্চিত করেছে। দু’টি আসনের মধ্যে একটি শরীক প্রার্থী নিশ্চিত করা হলেও বরিশাল-২ আসনে কোনও প্রার্থী নিশ্চিত করা হয়নি।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বিএনপি’র জহিরউদ্দিন স্বপন ও ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেদী হাসান রাসেল সরদার। শুক্রবার এ আসন থেকে বিএনপি’র স্বপনের একক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী তিন এবং জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল হয়। শুনানি শেষে ৫ প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন। এ আসনে আওয়ামী লীগ থেকে শাহে আলম, আওয়ামী লীগের ৩ বিদ্রোহী যথাক্রমে শের-ই বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, শিল্পপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন ও সৈয়দা রুবিনা আক্তার, বিএনপি’র এস. সরফুদ্দিন সান্টু ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল। বিএনপি থেকে সান্টুর একক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা, ওয়ার্কার্স পার্টির জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছারউদ্দিন, এনপিপি’র সাহেব আলী এবং স্বতন্ত্র মো. আনিসুজ্জামান।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র ২জন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বেগম সেলিমা রহমান। এ আসন থেকে জয়নুলের একক মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। মহাজোট থেকে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক শেখ মো. টিপু সুলতানকে নৌকা প্রতীক দিয়েছে। অপর প্রার্থীরা হচ্ছেন, ওয়ার্কার্স পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম, বিকল্প ধারা বাংলাদেশের এনায়েত কবির।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি পংকজ নাথ। বিএনপি’র মেজবাউদ্দিন ফরহাদ ও জেএম নুরুর রহমান (নাগরিক ঐক্য), ইসলামী আন্দোলনের সৈয়দ মো. নুরুল করিম, খেলাফত মজলিসের রুহুল আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুল আলম, বিএনএফ’র এনামুল হক এবং ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ। এ আসন থেকে বিএনপি প্রার্থী চুড়ান্ত হয়নি। ঐক্যফ্রন্টের সঙ্গে দর কষাকষি চলছে।

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার ও এবায়দুল হক চাঁন। বিএনপি থেকে সরোয়ারের প্রার্থীতা নিশ্চিত হয়েছে। অপর প্রার্থীরা হচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, জাতীয় পার্টির একেএম মোর্তুজা আবেদীন, গণতান্ত্রিক বাম মোর্চার অধ্যাপক আব্দুস সাত্তার এবং এনপিপি’র শামীমা নাসরিন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি’র ২ জন আবুল হোসেন খান ও অধ্যক্ষ আব্দুর রশিদ খান। এ আসনে সাবেক এমপি আবুল হোসেন খানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টির দুইজন নাসরিন জাহান রত্না আমীন ও খন্দকার মাহাতাবউদ্দিন, জাসদ (ইনু) মো. মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল-আমিন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেএম নুরুল ইসলাম, গণফোরামের ২ জন অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু ও মো. ফোরকান আলম খান এবং স্বতন্ত্র মো. আলী তালুকদার ফারুক।