জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কোনও নীতি-আদর্শ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে জামায়াতের লোক আছে, যারা ধানের শীষে নির্বাচন করছে। আর তাদের সঙ্গেই হাত মিলিয়েছেন ড. কামাল হোসেন। জনগণ আজ ঐক্যবদ্ধ; জনগণই তাদের বিচার করবে।’
তিনি বলেন, ‘তারা (জাতীয় ঐক্যফ্রন্ট) জামায়াতের ২২ জনকে মনোনয়ন দিয়েছে, তারা কীভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে? যারা গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তাদেরই একজন ফাঁসির আসামি বাবরের স্ত্রীকেও মনোনয়ন দিয়েছে তারা।’
তিনি আরও বলেন, ‘২০০১ সালের পরে বিএনপি যে অত্যাচার-নির্যাতন করেছে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার-ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর ভোট দিয়ে মানুষ এর জবাব দেবে।’
ভোলা সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন তোফায়েল আহমেদ। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অনেকে উপস্থিত ছিলেন।