বিএনপির নালিশ করা ছাড়া আর কোনও কাজ নেই বলে জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য বজলুল হক হারুন। তিনি বলেন, ‘এবারে নৌকার জোয়ার নয়, নৌকার তুফান উঠেছে। বাঙালি কৃতজ্ঞ জাতি। তাই তারা এবার নৌকায় ভোট দেবে। বিএনপির নালিশ করা ছাড়া আর কোনও কাজ নেই।’
বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাঠালিয়া উপজেলার মডেল হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি সভায় তিনি আরও বলেন, ‘জামায়াত ইসলামী সারা বিশ্বে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে এবং বিএনপি তাদেরকে নিয়েই রাজনীতি করছে।’ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব বজলুল হক হারুন এমপি।
পথসভায় আরও বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ওহিদুজ্জামান চান, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কিবরিয়া সিকদার, কেন্দ্রীয় জাতীয় পার্টি (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি কেশয়ারা সুলতানা, যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন রিপন, ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান লিটন নকীব ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক জোমাদ্দার চান। সভায় কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।