গৌরনদীতে বিএনপি প্রার্থীর বাড়ি থেকে ১৯ নেতাকর্মী আটক

আটকবরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের গৌরনদীর বাড়ি থেকে দলের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে তাদের আটক করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের শরিকলের বাড়িতে বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির ১৯ নেতাকর্মীকে আটক করে। এসময় স্বপন বাড়িতেই ছিলেন। এ ঘটনায় শরিকলে আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বরিশাল উত্তর জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী ও গৌরনদী বন্দরের বাসিন্দা তাসলিমা পারভিন বলেন, আটককৃতরা নেতাকর্মীদের বাড়ি গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায়। সরকারি দলের ইঙ্গিতে নির্বাচনে বিএনপিকে মাঠ শূন্য করতে কোনও মামলা ছাড়াই পুলিশ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।