নতুন বই আর ফুল হাতে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরাঝালকাঠির রাজাপুরে ফুল দিয়ে বরণ করা হয়েছে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বই পেয়ে বেশ খুশি এসব শিক্ষার্থীরা। কেউ কেউ বইয়ের পাতা উল্টে দেখছে, আবার কেউবা বুকে জড়িয়ে ধরছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বুদ্ধি প্রতিবন্ধীদের শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বইঅনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি ছিলেন। তিনিই শিশুদের হাতে বই তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল। অনুষ্ঠানে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ অনেকে বক্তব্য রাখেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, সরকার তাদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে সম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তাদের শিক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।