ভিসি’র পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি

ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। সোমবার বেলা ১২টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীর ভাটারখাল এলাকায় জড়ো হয়। সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এর ফলে রাস্তার দুপাশে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়। সেখানে অবস্থান করে শিক্ষার্থীরা ভিসি’র পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

এক পর্যায়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান তার দফতর থেকে নেমে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা তাদের এক দফা দাবির বিষয়টি জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসক তাদের আবদনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দিয়ে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায়।

প্রসঙ্গত বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় শিক্ষার্থীরা প্রতিবাদ করে। এ নিয়ে ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক প্রতিবাদকারী শিক্ষার্থীদের রাজাকার বলায় এর প্রতিবাদ ও ভিসির উক্তি প্রত্যাহারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে গত ২৭ মার্চ থেকে তারা আন্দোলন শুরু করেছে।