পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরপিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই মেয়েটির মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। মঙ্গলবার সন্ধ্যার পরে তার মেয়ে ঘরে একা পড়ছিল। তিনি রাত ৮টার দিকে পাশের বাড়িতে যান। এ সময় স্থানীয় আউয়াল মোল্লার ছেলে আইভান মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা তার মেয়ের মুখ বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি ঘরে এসে মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। পরে বাড়ির পেছনের বাগানে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর থানায় নিয়ে যান। সেখান থেকে পুলিশ তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক মৌসুমী সুলতানা কিশোরীকে ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ।
খবর পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন হাসপাতালে যান।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।