বরিশালে বাস চাপায় নিরাপত্তা কর্মী নিহত, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘনা নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

বরিশাল-পটুয়াখালী সড়কের রূপাতলী সোনার গাঁও টেক্সটাইল মিলের সামনে বাস চাপায় নিরাপত্তা কর্মী শাহ আলম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নিহত শাহ আলম বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের চরআইচা গ্রামের বাসিন্দা। সে সোনারগাঁও টেক্সটাইট মিলের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শাহ আলম ডিউটি শেষ করে সড়ক পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে কুয়াকাটাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলমের মৃত্যুর খবরে স্থানীয় জনতা ও সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সড়কে বিদ্যুতের খাম্বা ফেলে বিক্ষোভ করে। এর ফলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এসময় সড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে খাম্বা সরিয়ে দিলে যানবাহল চলাচল স্বাভাবিক হয়।

ওসি নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক বাসসহ চালক পালিয়ে যান। পরে চালককে পটুয়াখালীর দুমকী থানা পুলিশের সহযোগিতায় লেবুখালী এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।