পটুয়াখালীতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

 গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ছাত্রলীগ নেতা শুভঙ্কর হালদারকে হত্যার ঘটনায় আসামি সাইফুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলামের বাড়ি বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে।

বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানায় গত ২২ জুন (শনিবার) শুভঙ্কর সাইফুলের কাছে পাওনা ১০০ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাইফুলকে মারধর করে শুভঙ্কর। ওই ঘটনার জেরে সাইফুল ২৪ জুলাই রাতে শুভঙ্করকে গোলাবাড়ি এলাকায় নিয়ে যায়। ওই এলাকায় পৌঁছালে সাইফুল পেছন থেকে শুভঙ্করকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে রুমাল দিয়ে শুভঙ্করের গলায় ফাঁস দিয়ে হত্যা করে। লাশ পাশের খালের পানিতে ফেলে দেয়।

উল্লেখ্য গত ২৪ জুলাই নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি শুভঙ্কর পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে ২৬ জুন বুধবার সকালে নিজ গ্রামের গোলাবাড়ী খাল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শুভঙ্করের বাবা সত্য হাওলাদার বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।