বরিশালে ১০ মণ বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

 

 

বরখাস্ত প্রধান শিক্ষক ও উদ্ধার করা সরকারি পাঠ্যপুস্তক

বরিশালে বিভিন্ন শ্রেণির ১০ মণ বই বিক্রির অভিযোগে সদর উপজেলার চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে মঙ্গলবার বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা জোবায়দা রহমান।

তিনি জানান, গত সোমবার দুপুরে পিকআপ ভর্তি বই উদ্ধার করে উপজেলায় নিয়ে যান উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান।

মেম্বর শাহ আলম মোল্লা জানান, বইগুলো নিয়ে একটি পিকআপ সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কানাইপুরা বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেটা থামায়। এরপর তারা পিকআপের ভেতর থেকে ৭৫টি বান্ডিলে থাকা ১০ মণ বই উদ্ধার করে। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০১৭, ১৮ ও ১৯ সালের বই ছিল। এরপর বিষয়টি জেলা প্রশাসক, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়। পরে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাহামুদুল হাসান এসে বইগুলো জব্দ করেন।

হাবিব শেখ জানান, ‘গত শুক্রবার সকালে চন্দ্রমোহন আরএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কাছে ১০ টাকা কেজিদরে ওই বইগুলো বিক্রি করেন।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জোবায়দা রহমান জানান, প্রধান শিক্ষক মকবুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এভাবে বই বিক্রি করার নিয়ম নেই। বই বিক্রি করতে হলে রেজুলেশন করে অনুমতি সাপেক্ষে বিক্রি করতে হবে। প্রধান শিক্ষক যা করেছেন তা বেআইনি।