বরিশালে মাদক মামলায় মিরাজ হাওলাদার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এ.কে.এম শহীদ আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১২ সালের ২১ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মিরাজকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নগরীর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহাবউদ্দিন ফকির বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
সূত্র আরও জানায়, ২০১৩ সালের ২২ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই শ্যামল চন্দ্র একমাত্র আসামি মিরাজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মিরাজকে যাবজ্জীবন দিয়েছেন বিচারক।