ভোলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

01ভোলার বোরহানউদ্দিনে গরু বহনকারী ট্রাকচাপায় মো. মিজান (১৮) ও শাহাদাত (২৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ডাওরীর হাট সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিজান বোরাহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবেদ আলীর ছেলে ও শাহাদাত একই এলাকার আবু তাহেরের ছেলে।
স্থানীয়রা জানান, মিজান তার মামাতো ভাই শাহাদাত ও বোন নাজমাকে নিয়ে মোটরসাইকেলে করে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় ডাওরীর হাট সংলগ্ন এলাকায় গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজান ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাজমা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক বলেন, ‘নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।’