বরিশালে অন্যকে ফাঁসাতে স্ত্রীকে হত্যার মামলায় স্বামীর যাবজ্জীবন

আদালত

বরিশালে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজ স্ত্রীকে হত্যার মামলায় স্বামী ইয়াকুব আলী হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে আসামির উপস্থিতিতে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমএ হামিদ এ রায় দিয়েছেন।

দণ্ডিত ইয়াকুব আলী হাওলাদার মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের মৃত আলী আকাব্বর হাওলাদারের ছেলে। তবে এ মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী শেখ মিজানুর রহমান জানান, প্রথম স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর ২০০৭ সালে হাওয়ানুর বেগমকে বিয়ে করেন ইয়াকুব। জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় মেম্বারদের ফাঁসাতে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন তিনি। সে অনুযায়ী ২০০৮ সালের ১৫ নভেম্বর দ্বিতীয় স্ত্রী হাওয়ানুরকে নিয়ে সহযোগী শহীদুলের বাড়িতে যান এবং রাত ৮টায় চেয়ারম্যানের বাড়ি যাওয়ার কথা বলে হাওয়ানুরকে নিয়ে ওই বাড়ি থেকে বের হন ইয়াকুব। পরে স্থানীয় একটি সুপারি বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হাওয়ানুরকে হত্যা করে ইয়াকুব। ঘটনার পরদিন স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহত হাওয়ানুরের বাবা লাল ঘরামীকে জানান। এ ঘটনায় ১৬ নভেম্বর লাল ঘরামী বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বেঞ্চ সহকারী শেখ মিজানুর রহমান আরও জানান, ২০১০ সালের ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও মেহেন্দিগঞ্জ থানার এসআই শহীদুল্লাহ সাতজনকে ‍আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৬ জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ‍একমাত্র ‍ইয়াকুবকে যাবজ্জীবন দণ্ড দেন।