বরিশালের মুলাদী পৌরসভায় চাচাতো বোনকে ধর্ষণের মামলায় রেজাউল করিম রেজা নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাশিশুর বিয়ে পর্যন্ত সব ব্যয়ভার রাষ্ট্রকে বহনের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে আসামির অনুপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. শামীম আজাদী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রেজা মুলাদীর তেরচর গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুর রহমান জানান, ২০১০ সালের ১ নভেম্বর চাচাতো বোনকে ধর্ষণ করে রেজা। এরপর বিয়ের কথা বলে আরও কয়েকবার সে এ কাজ করে। এতে ওই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ অবস্থায় তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় রেজা। পরে ২০১১ সালের ৫ মে মেয়েটি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৫ নভেম্বর চার্জ গঠন করা হয়। বিচারিক প্রক্রিয়ায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।