৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার: পলক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পলক (ছবি– প্রতিনিধি)

দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৫ সেপ্টেম্বর) বরগুনায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য সম্ভাব্য জমি পরিদর্শন ও বঙ্গবন্ধু ডিজিটাল হাব-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি—প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের কোনও জেলা কোনও অংশে যাতে বঞ্চিত না হয়, তারজন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই ট্রেনিং সেন্টারের (শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার) মাধ্যমে হাজার হাজার তরুণ-তরুণী প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবে; আত্মনির্ভরশীল হবে।’

বরগুনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জেলা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বরগুনার উন্নয়নের দিকে প্রধানমন্ত্রীর বিশেষ একটি নজর রয়েছে। এরই ধারাবাহিকতায় বরগুনায় স্থাপন করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার।’

এসময় উপস্থিত ছিলেন ইনফো-সরকার ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রমুখ।