বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। ডিবির পরিদর্শক উজ্জল কুমার দে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো– পুলিশ কনস্টেবল ইমরান, পুলিশ কনস্টেবল সালাহউদ্দিন ও নগরীর কাউনিয়া এলাকার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার। কনস্টেবল ইমরান ও সালাহউদ্দিনের বাড়ি ঝালকাঠির কাঠালিয়ায়। তারা দুইজন বরিশাল মেট্রোপলিটন পুলিশলাইন্সে পিয়ন শাখায় কর্মরত।
ডিবির পরিদর্শক উজ্জল কুমার দে বলেন, ‘সোর্সের মাধ্যমে খবর পেয়ে নগরীর কাশীপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাই। এসময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দিলে তারা দ্রুত পালানোর চেষ্টা করে। ডিবির সদস্যরা ধাওয়া করে তিন আরোহীকে ধরে ফেলেন। পরে তাদের তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, পুলিশ কনস্টেবল ইমরান ও সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া, মাদক ব্যবসায়ী সোহাগের বিরুদ্ধেও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।