ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ভোলাভোলার দৌলতখান উপজেলায় সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটির ওপরেই  এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত  রতন  লুমার দে’র (৩২)বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতখান পৌরসভা ৪নং ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রতন বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে লাইনে কাজ করা অবস্থায় ওই লাইনটি সচল হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটির উপরেই মারা যায় রতন। খবর পেয়ে দৌলতখান উপজেলার  ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।