পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মিদুপাড়া রাখাইন পল্লিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ এ কথা জানান।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, পুটুস রাখাইন (৫২) ও সোহাগ প্যাদা (১৯)।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার মিদুপাড়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ৪০ লিটার মদ তৈরির উপকরণ, ৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।