ভোলায় ১০ ঘণ্টা পর ফের বাস-লঞ্চ চলাচল শুরু





বোরহানউদ্দিনে সহিংসতাভোলার অভ্যন্তরীণ সব রুটের বাস এবং ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ৩টা থেকে লঞ্চ চলাচল এবং বিকাল ৫টা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সকাল থেকে জেলাটিতে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভোলায় পুলিশের সতর্ক অবস্থানবোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও গুলিতে নিহত ৪ জনের স্মরণে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ভোলা সরকারি হাইস্কুল মাঠে মাহফিল করতে পারে এমন আশঙ্কায় শুক্রবার দিনভর পুলিশ সতর্ক অবস্থানে ছিল। দায়িত্ব পালনকালে ভোলা শহর থেকে তারা সন্দেহজনক তিন জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের বাড়ি ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন ও মনপুরা উপজেলায়। জিজ্ঞাসাবাদের পর নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শুক্রবার সরকারি স্কুল মাঠে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটির অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে কিছুটা উত্তেজনা রয়েছে। এ কারণে আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করি। পুলিশের পাশাপাশি শহরে র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড যৌথ টহল দেয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠেও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা ছিল। সার্বিক বিবেচনায় ভোলার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সচিব মাওলানা মিজানুর রহমান জানান, ইতোপূর্বে প্রশাসন মৌখিকভাবে তাদের সমাবেশের অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেওয়া হয়। অনুমতি না পাওয়ায় তারা অনুষ্ঠানের প্রধান অতিথি চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে আলোচনা করে দোয়ার কর্মসূচি স্থগিত করেন।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, সকাল থেকে যাত্রীবাহী বাস ও লঞ্চ বন্ধ থাকলেও দুপুরের পর থেকে সেগুলো স্বাভাবিক করা হয়েছে।